রাজা রামমোহন রায়: ভারতীয় নবজাগরণের অগ্রদূত ও সমাজ সংস্কারের পথিকৃৎ

সফি রহমান
০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

জীবনের গল্প

রাজা রামমোহন রায়: ভারতীয় নবজাগরণের অগ্রদূত ও সমাজ সংস্কারের পথিকৃৎ রাজা রামমোহন রায়

উপমহাদেশের সমাজ সংস্কার, ধর্মীয় চিন্তাধারা ও আধুনিক শিক্ষার ইতিহাসে এক উজ্জ্বল নাম রাজা রামমোহন রায়। কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি ও নারীর প্রতি বৈষম্যের বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন তিনি। সতীদাহ প্রথা বিলোপে জনমত গঠন, নারী অধিকার প্রতিষ্ঠা, আধুনিক শিক্ষার প্রসার এবং একেশ্বরবাদী চিন্তার বিকাশে তাঁর অবদান ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।

১৭৭২ সালের ২২ মে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন রাজা রামমোহন রায়। তাঁর বাবা রামকান্ত রায় ছিলেন বৈষ্ণব মতাবলম্বী এবং মা ফুলঠাকুরানী দেবী ছিলেন শৈব পরিবারের সদস্য। বহুমুখী জ্ঞান, যুক্তিবাদী চিন্তা ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি পরবর্তী সময়ে ভারতীয় নবজাগরণের অন্যতম প্রধান ব্যক্তিত্বে পরিণত হন। অনেক ইতিহাসবিদ তাঁকে ‘ভারতীয় রেনেসাঁর জনক’ হিসেবে অভিহিত করেন।

২০০৪ সালে বিবিসি বাংলার পরিচালিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে তিনি দশম স্থান অর্জন করেন।

 শৈশব ও বহুভাষিক শিক্ষাজীবন

ছোটবেলা থেকেই পড়াশোনা ও জ্ঞানচর্চার প্রতি গভীর আগ্রহ ছিল রামমোহনের। তিনি সংস্কৃত, ফারসি ও আরবি ভাষায় শিক্ষা গ্রহণ করেন। পরবর্তী সময়ে ইংরেজি, গ্রিক ও হিব্রু ভাষায়ও দক্ষতা অর্জন করেন। ধর্ম, দর্শন, সাহিত্য ও যুক্তিবিদ্যার বিভিন্ন শাখায় তাঁর ছিল অসাধারণ আগ্রহ।

কৈশোরে প্রচলিত ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সামাজিক রীতিনীতি নিয়ে তাঁর মনে নানা প্রশ্ন তৈরি হয়। মাত্র ১৫-১৬ বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। এ সময় কাশী, পাটনা ও নেপালসহ বিভিন্ন অঞ্চলে অবস্থান করেন। ভ্রমণ ও অধ্যয়ন তাঁর চিন্তার জগৎকে আরও বিস্তৃত করে।

নন্দকুমার বিদ্যালঙ্কারের সঙ্গে তাঁর পরিচয় এবং পরবর্তী সময়ে সংস্কৃত ও বেদান্তচর্চা তাঁর দার্শনিক চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করে। পাশাপাশি পাটনায় আরবি ও ফারসি শিক্ষার মাধ্যমে ইসলামি দর্শন ও একেশ্বরবাদ সম্পর্কে জানার সুযোগ পান।

 কর্মজীবন ও চিন্তাধারার বিকাশ

কর্মজীবনের শুরুতে কলকাতায় মহাজনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন রামমোহন। ১৮০৩ থেকে ১৮১৪ সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বিভিন্ন দায়িত্ব পালন করেন। কোম্পানির কর্মকর্তা ও ইংরেজ কর্মচারীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি ইংরেজি ভাষা ও পাশ্চাত্য জ্ঞানচর্চার আরও সুযোগ পান।

১৮১৫ সালে কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করার পর তাঁর সমাজ ও ধর্ম সংস্কারমূলক কর্মকাণ্ড প্রকাশ্য রূপ লাভ করে। ফারসি ভাষায় রচিত তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ ‘তুহফাতুল মুহাহহিদিন’-এ একেশ্বরবাদ এবং ধর্মীয় যুক্তিবাদের পক্ষে মত প্রকাশ করা হয়।

তিনি মনে করতেন, সত্য উপলব্ধির ক্ষেত্রে অন্ধবিশ্বাসের পরিবর্তে যুক্তি, বিবেক ও জ্ঞানকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিভিন্ন ধর্মের মধ্যে প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কারের সমালোচনা করে তিনি মানবিক মূল্যবোধ এবং সর্বজনীন ঈশ্বরচিন্তার কথা প্রচার করেন।

 সতীদাহ প্রথা বিলোপে ঐতিহাসিক ভূমিকা

রাজা রামমোহন রায়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর একটি হলো সতীদাহ প্রথার বিরুদ্ধে তাঁর দীর্ঘ সংগ্রাম। তৎকালীন সমাজে স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে তাঁর চিতায় জীবন্ত দাহ করার অমানবিক প্রথা প্রচলিত ছিল। এই নিষ্ঠুর প্রথার বিরুদ্ধে তিনি সামাজিক ও ধর্মীয় যুক্তি তুলে ধরে জনমত গড়ে তোলেন।

তিনি প্রাচীন ধর্মীয় গ্রন্থ বিশ্লেষণ করে প্রমাণের চেষ্টা করেন যে সতীদাহ কোনো অপরিহার্য ধর্মীয় বিধান নয়। এ বিষয়ে তাঁর লেখা ‘প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ’ বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর যুক্তি ও প্রচারণার বিপরীতে রক্ষণশীল সমাজের পক্ষ থেকেও পাল্টা বক্তব্য প্রকাশিত হয়।

দীর্ঘ আন্দোলন, লেখালেখি ও জনমত সৃষ্টির ধারাবাহিকতায় ১৮২৯ সালের ৪ ডিসেম্বর তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের শাসনামলে আইন করে বাংলায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়। এই সংস্কার কার্যক্রমে রামমোহনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ছাড়া বহুবিবাহ, বাল্যবিবাহ, জাতিভেদ ও নারীর প্রতি বৈষম্যের বিরুদ্ধেও তিনি সোচ্চার ছিলেন। নারীদের সম্পত্তিতে উত্তরাধিকারের অধিকার প্রতিষ্ঠার পক্ষেও তিনি মত প্রকাশ করেন।

ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা ও ধর্মীয় সংস্কার

ধর্মীয় গোঁড়ামি ও প্রতিমা পূজার প্রচলিত ধারণার বাইরে গিয়ে একেশ্বরবাদী উপাসনার প্রচার করেন রামমোহন রায়। ১৮১৫ সালে তিনি ‘আত্মীয় সভা’ প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে এই সংস্কারবাদী উদ্যোগ আরও বিস্তৃত হয়ে ১৮২৮ সালে ব্রাহ্মসভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে নতুন সাংগঠনিক রূপ লাভ করে, যা পরবর্তীকালে ব্রাহ্মসমাজ নামে পরিচিতি পায়।

ব্রাহ্মসমাজের মূল লক্ষ্য ছিল এক ঈশ্বরের উপাসনা, ধর্মীয় উদারতা, মানবিক মূল্যবোধ এবং সমাজের প্রচলিত কুসংস্কার দূর করা। তাঁর এই আন্দোলন পরবর্তী সময়ে বাংলার নবজাগরণ এবং উপমহাদেশের ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

 আধুনিক শিক্ষার প্রসারে অবদান

রামমোহন রায় বিশ্বাস করতেন, শিক্ষাই সমাজ পরিবর্তনের অন্যতম কার্যকর মাধ্যম। তাঁর মতে, শুধু প্রাচীন শিক্ষাব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বিজ্ঞান, গণিত, দর্শন ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের শিক্ষাও মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

১৮১৭ সালে ডেভিড হেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত হিন্দু কলেজের প্রতিষ্ঠা ও বিকাশের পক্ষে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৮২২ সালে অ্যাংলো-হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ১৮২৬ সালে বেদান্ত কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় দর্শন ও পাশ্চাত্য শিক্ষার সমন্বয়ের চেষ্টা করেন।

১৮৩০ সালে রেভারেন্ড আলেকজান্ডার ডাফকে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠায়ও সহযোগিতা করেন, যা পরবর্তীকালে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত হয়।

বাংলা ভাষার বিকাশেও তাঁর অবদান উল্লেখযোগ্য। বাংলা ও ইংরেজি ভাষায় ব্যাকরণ রচনা, অনুবাদ এবং ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি বাংলা গদ্যের বিকাশে ভূমিকা রাখেন।

সংবাদপত্রের স্বাধীনতা ও রাজনৈতিক সচেতনতা

সমাজ সংস্কারের পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা, প্রশাসনিক স্বচ্ছতা এবং ভারতীয়দের অধিকার প্রতিষ্ঠার বিষয়েও সোচ্চার ছিলেন রামমোহন।

তাঁর সম্পাদিত ‘সংবাদ কৌমুদী’ পত্রিকায় সামাজিক সংস্কার, সংবাদপত্রের স্বাধীনতা, প্রশাসনিক ব্যবস্থা এবং সাধারণ মানুষের অধিকার নিয়ে বিভিন্ন লেখা প্রকাশিত হতো। তিনি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পৃথকীকরণ এবং সরকারি চাকরিতে ভারতীয়দের উচ্চপদে নিয়োগের পক্ষে মত দেন।

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংবাদপত্র নিয়ন্ত্রণমূলক নীতির বিরুদ্ধেও তিনি প্রতিবাদ জানান। ১৮২৯ ও ১৮৩০ সালে সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে স্মারকলিপি পেশ করেন। তাঁর এসব কর্মকাণ্ড উপমহাদেশে আধুনিক রাজনৈতিক ও নাগরিক সচেতনতা বিকাশে ভূমিকা রাখে।

‘রাজা’ উপাধি ও বিলেত সফর

মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ রামমোহন রায়কে ‘রাজা’ উপাধিতে ভূষিত করেন। সম্রাটের বিভিন্ন দাবি ও স্বার্থ ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরার উদ্দেশ্যে ১৮৩০ সালের ১৯ নভেম্বর তিনি ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করেন।

১৮৩১ সালের ৮ এপ্রিল তিনি লিভারপুলে পৌঁছান। সেখানে অবস্থানকালে ব্রিটিশ প্রশাসন ও রাজনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ করেন। সতীদাহ প্রথা নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরোধিতাকারীদের প্রচেষ্টার বিরুদ্ধেও তিনি নিজের অবস্থান তুলে ধরেন।

১৮৩২ সালের শেষদিকে তিনি ফ্রান্স সফর করেন। পরে ইংল্যান্ডে ফিরে ব্রিস্টলে বসবাস শুরু করেন।

শেষ জীবন ও মৃত্যু

ইংল্যান্ডে অবস্থানকালে ১৮৩৩ সালে অসুস্থ হয়ে পড়েন রাজা রামমোহন রায়। মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কয়েক দিন অসুস্থ থাকার পর ১৮৩৩ সালের ২৭ সেপ্টেম্বর ব্রিস্টলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

পরবর্তী সময়ে তাঁর স্মৃতিকে সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়। ১৮৪৩ সালে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রিস্টলের আর্নোস ভেলে তাঁর সমাধিস্থলকে স্মরণীয় করে তোলার উদ্যোগ নেন। ১৯৯৭ সালে ব্রিস্টলের মধ্যাঞ্চলে তাঁর একটি মূর্তি স্থাপন করা হয়।

 ইতিহাসে অমর এক সংস্কারকের নাম

রাজা রামমোহন রায় শুধু একজন সমাজ সংস্কারক ছিলেন না; তিনি ছিলেন যুক্তিবাদী চিন্তা, আধুনিক শিক্ষা, ধর্মীয় উদারতা এবং মানবাধিকারের এক অগ্রপথিক। যে সময়ে সমাজের বড় একটি অংশ কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বেড়াজালে আবদ্ধ ছিল, সে সময়ে তিনি যুক্তি ও মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।

নারীর মর্যাদা প্রতিষ্ঠা, সতীদাহ প্রথা বিলোপের আন্দোলন, আধুনিক শিক্ষার প্রসার এবং সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে তাঁর সংগ্রাম তাঁকে উপমহাদেশের ইতিহাসে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। সময় পেরিয়ে গেলেও তাঁর চিন্তা, আদর্শ ও সংস্কারমূলক কর্মকাণ্ড আজও সমাজের জন্য প্রাসঙ্গিক।